আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার (২০ নভেম্বর) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট জেলার এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য ‘সীমান্তের ওপারে’ থাকা প্রভুদের ইশারাকে দায়ী করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে বর্তমানে যা চলছে, তা দেশটির অভ্যন্তরীণ বিষয়।
তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়।
এই সম্পর্ক গড়ে উঠেছে উভয় দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে।এর আগে গত সপ্তাহের ব্রিফিংয়েও তিনি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত।


