গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: জাহেদ উর রহমান 

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্রহাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। তারা অবশ্যই বিচারের মুখোমুখি হবেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের ঘটনা নিয়ে সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও বিষয়টি নিয়ে কথা বলেছেন। সরকার বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই সরকার সহ্য করবে না।

তিনি বলেন, যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেফতার হবে এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।

পূর্ববর্তী নিবন্ধসোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তুষ্ট : রামিসার বাবা
পরবর্তী নিবন্ধরামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস