সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি রয়েছে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মকর্তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিষয়ে নজরদারি করছে সরকার। তবে কীভাবে তাদের ওপর নজর রাখা হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নজরদারির পদ্ধতি প্রকাশ করা সম্ভব নয়।

এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত। সরকারের নিজস্ব ব্যবস্থা ও সক্ষমতা রয়েছে।
এসব ব্যবস্থার মাধ্যমে সরকার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে।
তিনি বলেন, আওয়ামী লীগ বহু বছর ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ে অনেক মানুষের সঙ্গে দলটির রাজনৈতিক সম্পৃক্ততা বা ঘনিষ্ঠতা তৈরি হয়েছে।

অতীতে কারও সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতা থাকাটা সমস্যা নয়। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করার সময় কেউ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত থাকলে তা গুরুতর বিষয়। পুলিশ-প্রশাসনের কর্মকর্তাদের বদলি কেন

গোপালগঞ্জের সহিংসতার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, কোনো কর্মকর্তাকে প্রত্যাহার করার অর্থ এই নয় যে তিনি ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন। তবে দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যর্থতা থাকলে তা স্বীকার করে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।

গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। তবে পুলিশকে যতটা সম্ভব কম বলপ্রয়োগ করে এবং কম হতাহতের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হবে।

জাহেদ উর রহমানের ভাষ্য, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ। পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে। এমনকি সরকারের সমালোচকেরাও এ ক্ষেত্রে প্রশংসা করছেন বলে তিনি উল্লেখ করেন। গঙ্গা চুক্তি নিয়ে নতুন তথ্য নেই

প্রেস ব্রিফিংয়ে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির পরবর্তী অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ কী চায় এবং কীভাবে চায়, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো সম্ভাবনা নেই। গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসলে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে। গঙ্গা চুক্তির বিষয়ে বাংলাদেশের অবস্থানও যথাসময়ে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধরামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস