সেলিমুজ্জামানের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, নিহত ইলিয়াস ফকিরের পরিবারের পাশে থাকার আশ্বাস

স্টাফ রিপোর্টার, দেলোয়ার হোসেন

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ১৫টি যানবাহনের মধ্যে ধারাবাহিক সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর নিজের গাড়িতেও আঘাত লাগে। তবে তিনি অক্ষত রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমকে ফোন করেন। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দুর্ঘটনার বিষয়ে জানতে চান।

ফোনালাপে সেলিমুজ্জামান সেলিম প্রধানমন্ত্রীকে জানান, তিনি সুস্থ ও নিরাপদ আছেন। তবে দুর্ঘটনায় তাঁর দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী, রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির গুরুতর আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ কথা শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি সেলিমুজ্জামান এর মাধ্যমে নিহত ইলিয়াস ফকিরের পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের পাশে দাঁড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিক এ সংঘর্ষের পর পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে। মুহূর্তের মধ্যেই মহাসড়কে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

দুর্ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১৫টি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বহু যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় গুরুতর আহত হন রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির। তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের মধ্য দিয়ে দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে পর্যায়ক্রমে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১৫টি যানবাহন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা মুকসুদপুরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। তাঁর গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।

একটি প্রাথমিক সংঘর্ষ থেকে মুহূর্তের মধ্যে ১৫টি যানবাহনের দুর্ঘটনায় জড়িয়ে পড়ার এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে ১৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা পেল তিন সাংবাদিক সংগঠন
পরবর্তী নিবন্ধএমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা