পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আহত এসআরবির সদস্য

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

জালাল উদ্দিন বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানা প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪ এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন।

এর আগে রাতে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধঢাবি ক্যাম্পাসে ৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩
পরবর্তী নিবন্ধমালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ