রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এখন থেকে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে দোকান বসালে সরাসরি মামলা করা হবে এবং জব্দ করা হবে মালামাল।

এ বিষয়ে আর অনুরোধ নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার (২৪ অক্টোবর) সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ডিএসসিসির বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, অবৈধ হকার ও ভাসমান দোকানের কারণে রাজধানীতে যানজট বাড়ছে, যত্রতত্র ময়লা জমছে এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। নগরবাসী এই দুর্ভোগ থেকে মুক্তি চায়।

মানবিকতার দোহাই দিয়ে সড়ক ও ফুটপাত দখল করে রাখার সুযোগ নেই। সিটি করপোরেশনের নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, আগামী সপ্তাহেই সেখানে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে। সড়কে কোনো অবস্থাতেই হকার বসতে দেওয়া হবে না।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিনদিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র‍্যালি ও প্রচার-প্রচারণা চালানো হবে।

মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়ে আবদুস সালাম বলেন, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে স্টেশনটি স্থানান্তর করা হয়েছে। সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। একই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন আরেকটি এসটিএস নির্মাণের কাজ চলছে। চলতি মাসের মধ্যেই কাজটি শেষ হওয়ার কথা রয়েছে।

‘ক্লিনিং ডে’ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় ডিএসসিসি প্রশাসক বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণ এবং অবৈধ দোকান সরানোর কার্যক্রম পরিদর্শন করেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
পরবর্তী নিবন্ধলালমনিরহাটে লাঠি হাতে বিএসএফদের রুখে দিলো বাংলাদেশি কৃষকরা