ব্যক্তিগত ছবি ছড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি, ফরিদপুরে যুবক গ্রেপ্তার

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম জাবেদ মাতুব্বর (২৫)। তিনি ফরিদপুর কোতোয়ালি থানার শোভারামপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়।

অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গোপনে ওই তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সংরক্ষণ করেন তিনি। পরবর্তীতে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫ লাখ টাকা দাবি করেন।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মুকসুদপুর থানায় মামলা দায়ের হলে ফরিদপুরের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নিবেদিতা বকসী। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধকুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
পরবর্তী নিবন্ধসৌর বিদ্যুৎ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণ দেবে সোনালী ব্যাংক