চাঁদাবাজ ও দখলদারদের দলে জায়গা নেই, কঠোর বার্তা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে এবং প্রকৃত অর্থে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে দলীয় সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া চাঁদাবাজি, দখলদারি ও অন্যায় কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হয়ে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চলে এ বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে সংসদ সদস্যদের বিভিন্ন সমস্যা, সরকারের কার্যক্রম, সংসদ পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের চিফ হুইপ বলেন, গত মাসের ১০ তারিখে সংসদের একটি অধিবেশন শেষ হয়েছে। আগামী মাসে আবার নতুন অধিবেশন শুরু হবে। সাধারণত দুই অধিবেশনের মধ্যবর্তী সময়ে এ ধরনের বৈঠক হয় না। তবে সংসদ সদস্যদের সঙ্গে কথা বলা, তাদের সমস্যার কথা শোনা এবং সমাধানের পথ বের করার জন্য প্রধানমন্ত্রী এ বৈঠকের নির্দেশনা দিয়েছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে সংসদ সদস্যদের কথা শুনেছেন। কে কোথায় কী সমস্যায় পড়েছেন, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রীরা নিজ নিজ দায়িত্বের বিষয়গুলোতে কথা বলেছেন। স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা, বিচার বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি এবং শিক্ষা খাতের বিভিন্ন বিষয় আলোচনায় এসেছে।

পূর্ববর্তী নিবন্ধস্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
পরবর্তী নিবন্ধইউপি ভোটে কেন্দ্রপ্রতি ২২ জনের ফোর্স রাখতে চায় ইসি