ইউপি ভোটে কেন্দ্রপ্রতি ২২ জনের ফোর্স রাখতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর ২২ জন সদস্য মোতায়েনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠেয় কমিশন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

রোববার (১১ অক্টোবর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিবালয়ের প্রস্তাবে বলা হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রসহ একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে অস্ত্রসহ চারজন পুলিশ কনস্টেবল, অস্ত্রসহ দুজন আনসার সদস্য এবং লাঠিসহ ১৫ জন আনসার বা গ্রাম পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

১৫ জনের মধ্যে আটজন পুরুষ ও সাতজন নারী সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।

পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে প্রতিটি ইউনিয়নে একটি মোবাইল ফোর্স এবং প্রতি তিনটি ইউনিয়নের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স রাখার প্রস্তাব রয়েছে।
র‍্যাবের পরিবর্তে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মোতায়েনের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলায় দুটি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স রাখার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া প্রতিটি উপজেলায় বিজিবির দুটি প্লাটুন মোবাইল টিম হিসেবে এবং একটি প্লাটুন স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপকূলীয় উপজেলাগুলোতে মোবাইল টিম হিসেবে কোস্ট গার্ডের দুটি প্লাটুন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে একটি প্লাটুন রাখার প্রস্তাব রয়েছে।

নির্বাচনের আগে ও পরে সাত দিনের জন্য ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চার দিনের জন্য দুজন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখার পরিকল্পনাও রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজ ও দখলদারদের দলে জায়গা নেই, কঠোর বার্তা তারেক রহমানের