চার জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক

দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর‌ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী ও চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

এ তিন কর্মকর্তা সম্প্রতি উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সাধারণত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা ডিসি নিয়োগ পেয়ে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলামিনের পাশে সোনালী ব্যাংক
পরবর্তী নিবন্ধমূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক