রাড্ডা এমসিএইচ ভাঙচুর : পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচয়ের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি রয়েছে কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা অবশ্যই পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা দেখছি এ ক্ষেত্রে পুলিশের কোনো অবহেলা ছিল কিনা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

ঘটনাস্থলের কাছেই থানা হওয়া সত্ত্বেও এমন ঘটনা কেন ঠেকানো গেল না, জানতে চাইলে তিনি বলেন, যেহেতু গভীর রাতের ঘটনা, তো আমরা দেখছি জানার পরও পুলিশ এখানে সময়মতো এসেছিল কি-না এবং পুলিশের পক্ষ থেকে কোনো অবহেলা রয়েছে কি-না। ইতোমধ্যে পুলিশের দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার সালেহ্ মুহম্মদ জাকারিয়াকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে শনিবারই তারা প্রতিবেদন দেবে। এই রিপোর্ট পাওয়ার সাপেক্ষে পুলিশের কোনো সদস্যের যদি এখানে অবহেলা থাকে, গাফিলতি থাকে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তিনি বলেন, আমি আজকে ঘটনাস্থল পরিদর্শন করে দেখলাম। তাতে আমার কাছে মনে হয়েছে এটা আধা ঘণ্টা এক ঘণ্টায় করা সম্ভব নয়। একটু সময় নিয়েই ভাঙচুর করা হয়েছে।

ঘটনাটি জানার পর পরই তিনি নিজে মিরপুর বিভাগের উপ-কমিশনারকে নির্দেশনা দিয়েছেন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আমরা চারজন আসামিকে গ্রেপ্তার করেছি। পুলিশের পক্ষ থেকে যে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা, সেই ব্যবস্থা আমরা নিয়েছি এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য আমাদের কঠোর নির্দেশনা রয়েছে। একজনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে, আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। আমরা আশা করছি খুব দ্রুত তাকে গ্রেপ্তার করতে পারব। আমাদের অফিসার এবং ফোর্স সবাই অভিযানে রয়েছে।

এর পেছনে রাজনৈতিক প্রভাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের বার্তা সবসময় খুব স্পষ্ট। আমরা কোনো দল দেখব না, কোনো মত দেখবো না। সবসময় দেখব অপরাধীকে। যে অপরাধী তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কোনো ধরনের বেআইনি কার্যক্রম, কোনো দখল কেউই করতে পারবে না। সেটা যেই করবে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আটজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২
পরবর্তী নিবন্ধজাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন