নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর বাড়লো লঞ্চভাড়াও। একজন যাত্রীর লঞ্চভাড়া কম দূরত্বে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ও বেশি দূরত্বে ২০ পয়সা বেড়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর ভাড়া বাড়ানোর ঘোষণা দেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
যাত্রীবাহী লঞ্চের ভাড়া প্রথম ১০০ কিলোমিটারে কিলোমিটারপ্রতি ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে। অর্থাৎ কিলোমিটারপ্রতি ভাড়া বেড়েছে ২৩ পয়সা। আর ১০০ কিলোমিটারের পরের দূরত্বে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা করা হয়েছে, অর্থাৎ বেড়েছে ২০ পয়সা। নতুন ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন আজকেই জারি হবে এবং আজকে থেকেই নতুন ভাড়া কার্যকর হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর নৌযানের মালিক, সমিতি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়। ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ব্যয়, ডলারের দাম বৃদ্ধি এবং যন্ত্রাংশের মূল্য বাড়ার বিষয়গুলোও তারা তুলে ধরেন।
তিনি বলেন, ‘তাদের দাবি ছিল প্রায় ২৫ শতাংশ, সর্বশেষে ১৫ শতাংশের মতো ভাড়া বৃদ্ধি। কিছু কিছু ক্ষেত্রে তাদের দাবির যৌক্তিকতাও আছে। কিন্তু আমরা দ্বিপক্ষীয় মিটিং সফলতার সঙ্গে শেষ করে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বৃদ্ধি করেছি।’
শেখ রবিউল আলম বলেন, এর আগে সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি তেলের দাম ১৫ শতাংশ বাড়লেও যাত্রীদের সক্ষমতা বিবেচনায় নৌযানের ভাড়া প্রায় সাড়ে ৬ শতাংশ বাড়ানো হয়েছিল। এবার তেলের দাম ১৭ দশমিক ৩৯ শতাংশ বাড়লেও ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে।
‘জনগণের ওপর খুব বেশি চাপ না পড়ে এবং মালিকদেরও ন্যূনতম যে ব্যয় সমন্বয় করা প্রয়োজন, সেটার মধ্যে থাকতে পেরেছি। আমার মনে হয় একটা যৌক্তিক পর্যায়ে ভাড়া বেড়েছে।’
তিনি জানান, ১০০ কিলোমিটার পর্যন্ত এবং এর পরের দূরত্বের নির্ধারিত ভাড়াও একই হারে ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়বে। কিলোমিটারপ্রতি নতুন ভাড়ার বিস্তারিত লিখিত আকারে দেওয়া হবে।


