আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ৩ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।
সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, সামাজিক ও পারিবারিক প্রভাব এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, বিবাহ নিবন্ধক (কাজী) ও সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম শুভ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।
এ সময় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি কাজী পরেশ বিশ্বাসও বক্তব্য রাখেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিবাহ নিবন্ধক (কাজী) সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে কিশোরীদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, জনপ্রতিনিধি, শিক্ষক, কাজী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে কোথাও বাল্যবিবাহের আয়োজন বা প্রস্তুতির খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।


