১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

৩ উইকেটে ছিল ২৯৭ রান, সেখান থেকে এক ঝটকায় ৬ উইকেটে ৩০৮। ১১ রানে ৩ ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে শেষ বিকেলে স্বস্তি দিয়েছেন মেহেদী হাসান মিরাজ আর হাসান মাহমুদ।লোয়ার অর্ডারের দুই ব্যাটার এখন পর্যন্ত ২৪.৩ ওভার খেলে অবিচ্ছিন্ন আছেন ৪৩ রানে। মিরাজ ৩২ আর হাসান মাহমুদ ব্যাট করছেন ১৩ রানে।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। লিড দাঁড়িয়েছে ১৫৩ রানের। অর্থাৎ আর কিছু লিড যোগ করতে পারলেই অস্ট্রেলিয়াকে বড় চাপে ফেলা যাবে।শেষের দিকে মিরাজ-হাসানের ব্যাটে প্রতিরোধ গড়েছেন। তবে বাংলাদেশ ইনিংসের মূল ভিত গড়ে দিয়েছেন তানজিদ হাসান তামিম আর নাজমুল হোসেন শান্ত।

তানজিদ তামিম সেঞ্চুরি করলেও অবশ্য তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি শান্ত। শান্ত আউট হওয়ার পরই হঠাৎ ধস নামে বাংলাদেশের ইনিংসে। ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা।এর আগে ১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক আর তানজিদ হাসান তামিম প্রথম ঘণ্টার ভয় অনায়াসে কাটিয়ে দেন।

দারুণ খেলছিলেন মুমিনুল। কিন্তু ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করে বসেন। জশ হ্যাজেলউডের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯৫ বলে মুমিনুলের ৪৯ রানের ইনিংসে ছিল ৮টি চারের মার।তবে ভুল করেননি তামিম। মুমিনুল হককে নিয়ে ১০৩ রানের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৯৩ রানের আরেকটি বড় জুটি গড়েন দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার।সেঞ্চুরির পর অবশ্য ইনিংস আর বড় করতে পারেননি তানজিদ তামিম। বড় শট খেলতে গিয়ে লংঅফে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ১৯৭ বলে তার ১০১ রানের ইনিংসটিতে ছিল ৮ চার আর ১ ছক্কার মার।

শান্তরও সুযোগ ছিল সেঞ্চুরি করার। কিন্তু ব্যক্তিগত ৮৪ রানের জশ হ্যাজেলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ১২৬ বলের ইনিংসে ৭টি চার এবং একটি ছক্কা হাঁকান বাংলাদেশ অধিনায়ক।শান্ত ফেরার পর দ্রুত আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস ০ রানে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল স্টার্কের বলে, পরের ওভারে প্যাট কামিন্সের বলে একইভাবে আউট মুশফিকুর রহিম (৩৬)।

এরপর দলের হাল ধরেছেন মেহেদী হাসান মিরাজ আর হাসান মাহমুদ। মিরাজ ৭৩ বল খেলে করেছেন ৩২ রান। হাসান মাহমুদ ১৩ রান করতে কাটিয়ে দিয়েছেন ৭৬ বল! এই যুগলের প্রতিরোধে তৃতীয় দিনে লিড আরও বাড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধএকযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৫