আন্তর্জাতিক ডেস্ক
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ও ধসে পড়া ভবনের ভেতরে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
পেরেইরা শহরের মেয়র মাউরিসিও সালাজার জানিয়েছেন, ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং ধসে পড়া ভবনের ভেতরে আরও কয়েকজন আটকা পড়েছেন। পরে ভূমিকম্পে মৃতের সংখ্যা অন্তত ২০ জনে পৌঁছেছে বলে জানা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছিল, সোমবার পশ্চিম কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কলম্বিয়ার পাশাপাশি প্রতিবেশী ইকুয়েডরেও ব্যাপক কম্পন অনুভূত হয়।
আতঙ্কে বিভিন্ন এলাকার মানুষ বাড়িঘর ও ভবন থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যান।ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌর এলাকার কাছে। এলাকাটি কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে প্রায় ২৫০ মাইল বা ৪০০ কিলোমিটার পশ্চিমে। ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৬৬ মাইল বা ১০৭ কিলোমিটার।


