ফ্লাইওভারের ওপর ছিনতাইকারীর ছুরিকাঘাত, প্রাণ গেলো যুবকের

ঢামেক প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাপুর-বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে এই ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম মো. তরিকুল ইসলাম পাপন (২৮)। তিনি শ্যামপুরের করিমুল্লার বাগের মো. শফিকুল ইসলাম মাসুদের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

তরিকুলকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ ইমন আহমেদ বলেন, ‘তরিকুলকে কেরানীগঞ্জের আবদুল্লাপুর ফ্লাইওভারের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর
পরবর্তী নিবন্ধহ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি