দেলোয়ার হোসেন,স্টফ রিপোটার

মাঠে গড়াচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর মহারণ। আর এই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে
গোপালগঞ্জের মুকসুদপুর। প্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে চলছে জমজমাট
প্রতিদ্বন্দ্বীতা ও নানা আয়োজন। তবে, সব আয়োজনকে ছাপিয়ে এবার আলোচনার
কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে উপজেলার বহুগ্রামে নির্মিত আর্জেন্টিনা দলের খুদে জাদুকর
লিওনেল মেসির ১৮ ফুট উচ্চতার এক বিশাল ভাস্কর্য। প্রিয় তারকার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে স্থানীয় সমর্থকরা এটি নির্মাণ করেছেন।

অন্যদিকে, পিছিয়ে নেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থকরাও, তারা তৈরি করেছে ৩০০ ফুট দীর্ঘ এক পতাকা।
গ্রামের প্রবেশমুখে নির্মাণাধীন এই ভাস্কর্য ও বিশাল পতাকা ইতোমধ্যে স্থানীয়দের
কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রতিদিন দূরদূরান্ত থেকে সব বয়সী মানুষ এটি
দেখতে ভিড় করছেন। শিশু থেকে প্রবীণ- সবার মুখে এখন শুধুই মেসির ভাস্কর্যের গল্প।
খোঁজ নিয়ে জানা গেছে, ভাস্কর্যটি তৈরিতে সময় লেগেছে ২০ দিন। শিল্পী বিশ্বাস মন্ডলের
হাত ধরে ৫০ জন শ্রমিকের নিপুণ ছোঁয়ায় গড়ে উঠছে এটি। নির্মাণসামগ্রী হিসেবে
ব্যবহার করা হয়েছে বাঁশ, খড়, জিনারী, পেরেক ও পাটের সুতলি। এটি তৈরিতে খরচ হয়েছে
প্রায় এক লাখ ২০ হাজার টাকা- যা স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা নিজেদের সামর্থ্য
অনুযায়ী জোগান দিয়েছেন।
‘মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আমাদের আবেগ ও অনুপ্রেরণার প্রতীক। তার প্রতি
ভালোবাসা থেকেই এই উদ্যোগ। শুধু ভাস্কর্যই নয়, বিশ্বকাপ ঘিরে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে
খেলা দেখার ব্যবস্থাও করা হচ্ছে।’
স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
দলমত নির্বিশেষে সবাই আগ্রহ নিয়ে এটি দেখতে আসছেন। বহুগ্রাম এখন পরিণত হয়েছে
উৎসবের আমেজে। গ্রামের প্রবীণরা বলছেন, আগে বিশ্বকাপ এলে শুধু পতাকা টানানো বা খেলা
দেখার আয়োজন হতো। এবার মেসির ভাস্কর্য সেই উৎসবকে নতুন মাত্রা দিয়েছে।
শুধু বহুগ্রামই নয়, মুকসুদপুরের প্রত্যন্ত অঞ্চলের বাড়ি, দোকানপাট ও সড়কগুলো সেজে উঠেছে
হরেক দেশের পতাকায়। প্রিয় দলের জার্সি গায়ে সমর্থকদের এই উচ্ছ্বাস প্রমাণ করে, ফুটবল
এখনো মানুষের ঐক্য ও আবেগের এক পরম স্মারক।


