স্পোর্টস ডেস্ক
ম্যাচটা মাঝে একটু ম্যাড়ম্যাড়ে মনে হচ্ছিল; কিন্তু দুই দেশের ফুটবলাররা শেষের দিকে যেভাবে সিরিয়াস হয়ে উঠেছিল, তাতে রেফারিকে তিন বার লাল কার্ড বের করতে বাধ্য হতে হয়। দুই দলই পরিণত হয় ১০ জনের দলে।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত এমন টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করলো স্বাগতিক মেক্সিকো। হুলিয়ান কিনোনেস ও রাউল হিমেনেজ গোল দুটি করেন।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশের যৌথ আয়োজনে শুরু হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল সহ-স্বাগতিক মেক্সিকো। তবে ম্যাচটি শুধু মেক্সিকোর জয় নয়, তিনটি লাল কার্ড, অসংখ্য নাটকীয় মুহূর্ত এবং দক্ষিণ আফ্রিকার আত্মঘাতী ভুলের জন্যও স্মরণীয় হয়ে থাকবে।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় মেক্সিকো। ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রাউল হিমেনেজ। ইসরায়েল রেয়েসের দুর্দান্ত ক্রসে বক্সের ভেতরে ফাঁকা জায়গায় বল পেয়েও প্রথম স্পর্শেই নেওয়া শট দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও গোলরক্ষক রোনয়েন উইলিয়ামস দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন।
তবে চার মিনিট পরই আর রক্ষা হয়নি বাফানা বাফানাদের। নবম মিনিটে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের বড় ভুল কাজে লাগিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি করেন হুলিয়ান কিনোনেস। গোলরক্ষক উইলিয়ামসের সহজ পাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন স্পেপেলো সিথোলে। সেই সুযোগে এরিক লিরা বল কেড়ে নিয়ে কিনোনেসকে সুযোগ করে দেন। মেক্সিকোর ফরোয়ার্ড ঠান্ডা মাথায়, দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়ে নেন।
গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। তবে প্রথমার্ধের অধিকাংশ সময়ই মেক্সিকোর আধিপত্য ছিল স্পষ্ট। ১৯ মিনিটে দূরপাল্লার শটে কিনোনেস ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও বল পোস্টের বাইরে চলে যায়। ৪২ মিনিটে তিনি দ্বিতীয় গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। গুতিয়েরেসের পাস থেকে নেওয়া নিচু শট ডান পোস্টে লেগে ফিরে আসে। একই মিনিটে হিমেনেজের ভলিও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উইলিয়ামস।
দক্ষিণ আফ্রিকার প্রথম উল্লেখযোগ্য সুযোগ আসে ৪৪ মিনিটে। এমবোকাজির দূরপাল্লার বাঁকানো শট সহজেই রুখে দেন মেক্সিকোর গোলরক্ষক রাঙ্গেল। প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়েই ড্রেসিংরুমে ফেরে স্বাগতিকরা।
পরিসংখ্যানও ছিল মেক্সিকোর পক্ষেই। বিরতিতে প্রত্যাশিত গোল ছিল মেক্সিকোর ০.৬৬, যেখানে দক্ষিণ আফ্রিকার মাত্র ০.০৬। ইতিহাসও বলছিল, বিশ্বকাপে বিরতিতে এগিয়ে থেকে মেক্সিকো ১১ ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছে, ড্র করেছে ২টি, হেরেছে মাত্র একবার।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই আরও বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৪৯ মিনিটে গুতিয়েরেসকে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় সিথোলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথম গোলের ভুলের পর এভাবেই দুঃস্বপ্নের সমাপ্তি ঘটে তার।
একজন কম নিয়ে খেললেও কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ৬৭ মিনিটে ম্যাচের ভাগ্য প্রায় নিশ্চিত করে দেন রাউল হিমেনেজ। ডান প্রান্তে রবার্তো আলভারাদোর নিখুঁত ক্রসে দারুণ হেডে বল জালে পাঠিয়ে মেক্সিকোর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এটি ছিল বিশ্বকাপে নিজের প্রথম গোল। ৩৫ বছর ৩৭ দিন বয়সে গোল করে তিনি ২০০৬ সালে ইরানের ইয়াহিয়া গোলমোহাম্মাদির পর বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক গোলদাতাদের একজন হিসেবে নাম লেখান।
দ্বিতীয় গোলের পর ম্যাচ পুরোপুরি মেক্সিকোর নিয়ন্ত্রণে চলে যায়। সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী তখন তাদের জয়ের সম্ভাবনা পৌঁছে যায় ৯৯.৬ শতাংশে। দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা নেমে আসে শূন্য শতাংশে।
তবে ম্যাচের নাটক তখনও বাকি ছিল। ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় থেম্বা জোয়ানে আলভারাদোর মুখে হাত লাগিয়ে সহিংস আচরণের দায়ে সরাসরি লাল কার্ড দেখেন। ফলে দক্ষিণ আফ্রিকা নেমে আসে ৯ জনে। ২০০৬ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচে একটি দল দুইটি লাল কার্ড দেখল।
নাটকীয়তার শেষ অধ্যায় যোগ হয় যোগ করা সময়ে। ৯০+২ মিনিটে দক্ষিণ আফ্রিকার দ্রুত পাল্টা আক্রমণে মুদাউকে গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় মেক্সিকোর অধিনায়ক সিজার মন্তেসও সরাসরি লাল কার্ড দেখেন। ফলে ম্যাচে মোট তিনটি লাল কার্ড দেখান রেফারি। বিশ্বকাপের ইতিহাসে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকা-ডেনমার্ক ম্যাচে, যেখানে দক্ষিণ আফ্রিকা একটি এবং ডেনমার্ক দুইটি লাল কার্ড দেখেছিল।
শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ৭ মিনিট অতিরিক্ত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের ১৮তম আসরের সূচনা। ঘরের মাঠে সমর্থকদের সামনে দারুণ এক পারফরম্যান্সে গ্রুপ ‘এ’-তে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় এল ত্রি।
ম্যাচজুড়ে দক্ষিণ আফ্রিকার ভুল, তিনটি লাল কার্ড এবং মেক্সিকোর আক্রমণাত্মক ফুটবলই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। আর হুলিয়ান কিনোনেসের নাম ইতিহাসে লেখা হয়ে গেল ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে।


