মুন্সিগঞ্জে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই বন্ধুর

জেলা প্রতিনিধি

ছুটির দিনে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ১৩ বন্ধুকে সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ইচ্ছা ছিল গ্রামীণ পরিবেশে নিজেদের মতো করে সময় কাটাবেন। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেছে দুই বন্ধুর।

শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ শহরের দেওভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুন্সিগঞ্জ পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে সোপান এবং ঢাকার মিরপুরের রিপন মিয়ার ছেলে আজওয়াদ। তারা স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে বন্ধুদের সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে বেড়াতে আসেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোপান। বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে খাওয়া দাওয়া শেষে দুই বন্ধু সোপান ও আজওয়াদ গ্রামের বাড়ির নিজস্ব পুকুরে গোসল করতে নামেন। তবে সাঁতার না জানায় আজওয়াদ পানিতে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে সোপান দ্রুত তাকে উদ্ধার করতে গেলে তিনিও নিখোঁজ হন।

পরে স্থানীয়রা অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলী সরকার জানান, পানিতে ডুবে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পূর্ববর্তী নিবন্ধআমার শতভাগ বিশ্বাস মেয়ে হত্যার বিচার পাবো: রামিসার বাবা
পরবর্তী নিবন্ধ‘ভায়োলেন্স’ আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি