সুনামগঞ্জে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নুর উদ্দিন, সুনামগঞ্জ :

সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা সেতুর কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতু এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতিতে যান চলাচল বন্ধ, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং নিয়ন্ত্রণ এবং ট্রাফিক নজরদারি বাড়ানো না হলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে।

নিহতরা হলেন সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া ও শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ঘাগলী গ্রামের বোরহান উদ্দিনের ছেলে ইব্রাহিম।   প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি দূরপাল্লার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে লেগুনার যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করেন।

দুর্ঘটনায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহের মিয়াকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর ইব্রাহিম মারা যান। এ ঘটনায় ঘাগলী গ্রামের মুছলেছ মিয়ার ছেলে আব্দুল জাহান ও তার মেয়ে লুৎফা এবং ছাতক উপজেলার জাউয়া ইউনিয়নের গনিপুর গ্রামের কাদির মিয়ার ছেলে তৌরিজ মিয়া আহত হয়েছেন। আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হন। এছাড়া চলতি সপ্তাহে পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় আরেক দুর্ঘটনায় একজন নিহত হন। এর রেশ কাটতে না কাটতেই আবারও প্রাণহানির ঘটনা ঘটল এই মহাসড়কে।

পূর্ববর্তী নিবন্ধটিকা সংকটে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ