ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘প্রকৃত ব্যয়’ ৪০-৫০ বিলিয়ন ডলার: সিএনএন রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৫ বিলিয়ন ডলার বলে দাবি করেছিল পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর তথ্য মতে, যুদ্ধের ব্যয় সংক্রান্ত পেন্টাগনের এই তথ্য ‘প্রকৃত ব্যয়ে’র তুলনায় অনেক কম।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, এই হিসাবের মধ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। সূত্রের তথ্যমতে, সামরিক স্থাপনা পুনর্নির্মাণ ও ধ্বংস হওয়া সরঞ্জাম প্রতিস্থাপনের খরচ যোগ করলে প্রকৃত ব্যয় ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে।

যুদ্ধের শুরুর দিকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে অন্তত ৯টি মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বাহরাইন, কুয়েত, ইরাক, আরব আমিরাত এবং কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি।

এছাড়া যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মার্কিন রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। এর মধ্যে জর্ডানে একটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার এবং সংযুক্ত আরব আমিরাতের দুটি স্থাপনায় একই ধরনের রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি সৌদি আরবের একটি ঘাঁটিতে বোয়িং ই-৩ সেন্ট্রি ধরনের একটি মার্কিন নজরদারি বিমান ইরানি হামলায় ধ্বংস হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) পেন্টাগনের কম্পট্রোলার জুলস ডব্লিও হার্স্ট III কংগ্রেসে বলেন, তিনি যে ২৫ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তার বেশিরভাগই গোলাবারুদ খাতে ব্যয় হয়েছে। তবে এই হিসাবের মধ্যে ক্ষতিগ্রস্ত ঘাঁটি মেরামতের খরচ অন্তর্ভুক্ত আছে কি না তা স্পষ্ট করেননি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রো খান্না এই হিসাব নিয়ে সন্দেহ প্রকাশ করে একে ‘সম্পূর্ণ ভুল’ বলে মন্তব্য করেন।

এর আগে পেন্টাগন জানিয়েছিল, যুদ্ধের প্রথম ছয় দিনেই ব্যয় হয়েছিল প্রায় ১১ বিলিয়ন ডলার। একই সঙ্গে চলমান যুদ্ধের জন্য অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলারের বেশি সামরিক বাজেট অনুমোদনের আবেদনও জানানো হয়েছে।

গত সপ্তাহে বাজেট ব্রিফিংয়ে জুলস হার্স্ট জানান, বিদেশে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনো নির্ধারণ করা হয়নি। ভবিষ্যতে সেগুলো কীভাবে পুনর্গঠন করা হবে, তার ওপরই খরচ নির্ভর করবে।

তিনি আরও বলেন, ২০২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটেও এসব মেরামত ব্যয় অন্তর্ভুক্ত নয়। এই বাজেট অনুমোদিত হলে তা হবে প্রতিরক্ষা খাতে ৪২ শতাংশ বৃদ্ধি।

পূর্ববর্তী নিবন্ধবর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধএকজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: নাহিদ ইসলাম