স্পোর্টস ডেস্ক
ডান হাতের ইনজুরির কারণে বার্সেলোনা ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন বর্তমান বিশ্বের দুই নম্বরে টেনিস তারকা কার্লোস আলকারাজ। বার্সেলোনা ওপেন আয়োজকরা তার না খেলার বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ওটো ভার্টানেনের বিপক্ষে জয়ের ম্যাচেই এই চোট পান তিনি।
দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের টমাস মাচাকের মুখোমুখি হওয়ার কথা ছিল আলকারাজের। কিন্তু ইনজুরির ভয়াবহতা নিয়ে আলকারাজ বলেন, ‘পরীক্ষা করার পর আমরা বুঝতে পেরেছি যে ইনজুরিটি আমাদের ভাবনার চেয়েও বেশি গুরুতর। ভবিষ্যতের কথা ভেবে এখন শরীরের কথা শোনা এবং বিশ্রাম নেওয়া আমার জন্য জরুরি।’
গত সপ্তাহেই মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে যাওয়ার পর র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে যান আলকারাজ। সেই হারের ৪৮ ঘণ্টা পরই কোর্টে ফিরেছিলেন তিনি। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও কাতার ওপেন জয়ী এই তারকা এখন পর্যন্ত ২২-৩ উজয়-পরাজয় রেকর্ড নিয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন।
বার্সেলোনা ওপেন থেকে সরে দাঁড়ালেও আলকারাজের মূল লক্ষ্য এখন সামনে থাকা মাদ্রিদ এবং রোম মাস্টার্স। আগামী ২৪ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন শিরোপা ধরে রাখতে তিনি এখন পূণ বিশ্রামে থাকছেন।
আলকারাজ বলেন, ‘খুব দুঃখের সাথে বাড়ি ফিরে যাচ্ছি যাতে দ্রুত সুস্থ হয়ে আগামী টুর্নামেন্টগুলোর জন্য ফিট হয়ে ফিরতে পারি।’


