দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে সাংবাদিকদের
মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮মার্চ) সকালে ফরিদ মিয়া কমপ্লেক্সে অবস্থিত
মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাবের সদস্য
সাংবাদিকদের হাতে ব্র্যান্ডের পাঞ্জাবি এবং মহিলা সাংবাদিকদের মাঝে থ্রি পিস তুলে দেওয়া
হয়।

ঈদের আনন্দ সাংবাদিকদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাদের প্রতি সম্মান ও ভালোবাসা
প্রকাশের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহমেদ মিয়া। তিনি সাংবাদিকদের হাতে ঈদ উপহার
তুলে দেন এবং সকলের প্রতি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া সভাপতিত্ব করেন এবং সাধারণ
সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন। বক্তারা বলেন,
সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা,
সম্ভাবনা ও উন্নয়নের চিত্র মানুষের সামনে উঠে আসে। তাই সাংবাদিকদের পাশে দাঁড়ানো
এবং তাদের সম্মান জানানো আমাদের সকলের দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সহ-
সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও শামসীন মুক্তা হোসেন আহমেদ,
সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ক্রীড়া বিষয়ক
সম্পাদক মোঃ বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু,
কোষাধ্যক্ষ মোঃ রাজু মিয়া, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ, সাহিত্য ও
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহবুবা হোসেন অন্তু, সদস্য নূর আলম শেখসহ প্রেসক্লাবের
অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা প্রেসক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, ঈদের
আগে সহকর্মীদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। এতে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয় এবং সংগঠনের ঐক্য ও
ভ্রাতৃত্ববোধ জোরদার হয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকান্ড
প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের এই অবদানকে সম্মান জানাতে এবং ঈদের আনন্দ
সবার সঙ্গে ভাগ করে নিতে মুকসুদপুর প্রেসক্লাব প্রতিবছরই এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা
করছে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সাংবাদিক একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং এমন
সুন্দর আয়োজনের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেসক্লাব
নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহযোগিতা
বৃদ্ধিতে এ ধরনের মানবিক ও সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকবে।


