কর ফাঁকি ও খেলাপি ঋণগ্রহীতারা পাবেন না সেরা করদাতার সম্মাননা

দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বা অন্য কোনো সরকারি সংস্থার তদন্তে কর ফাঁকি, মানি লন্ডারিং, আন্তর্জাতিক অপরাধ, দুর্নীতি বা অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট করদাতাকে ‘সেরা করদাতা সম্মাননা’র জন্য বিবেচনা করা হবে না। একইভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণগ্রহীতারাও এ সম্মাননার তালিকার বাইরে থাকবেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ‘সেরা করদাতা সম্মাননা প্রদান নীতিমালা, ২০২৬’ প্রকাশ করে সরকার। নতুন এ নীতিমালায় সেরা করদাতা নির্বাচন ও সম্মাননা প্রদানের বিভিন্ন শর্ত নির্ধারণ করা হয়েছে। নীতিমালায় ব্যক্তি, পেশাজীবী, কোম্পানি ও বিভিন্ন ব্যবসায়িক খাতে সর্বোচ্চ কর প্রদানকারীদের সম্মাননা দেওয়ার বিধান রাখা হয়েছে।এর আগে, ক্ষমতার পটপরিবর্তনের আগে ২০২৩ সালের ২০ ডিসেম্বর ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড বা কর কার্ড দেওয়া হয়। ২০২২-২৩ করবর্ষে জাতীয় পর্যায়ে সেরা করদাতা হিসেবে ৭৬ ব্যক্তি, ৫৪ প্রতিষ্ঠান ও অন্যান্য ১১টি শ্রেণিতে এ সম্মাননা দেওয়া হয়েছিল।

এ ছাড়া, ২০২৪ সালের জানুয়ারিতে ২০২২-২৩ অর্থবছরের সর্বোচ্চ করদাতা হিসেবে ৫৪ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা ও সম্মাননাপত্র দেয় এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। চলতি বছরের জুনে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কর প্রদানে উৎসাহ সৃষ্টি ও করদাতাদের সামাজিকভাবে সম্মানিত করতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এ নীতিমালার আওতায় খাতভিত্তিক সর্বোচ্চ কর প্রদানকারীসহ মোট ৬৭ জন করদাতাকে ‘সেরা করদাতা’ হিসেবে পুরস্কৃত করা হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, ব্যক্তি, কোম্পানি ও বিভিন্ন খাত মিলিয়ে মোট ৭২ জন করদাতাকে সেরা করদাতা সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৩৩ জন, কোম্পানি পর্যায়ে ১৫ জন এবং বিভিন্ন ব্যবসায়িক খাতে ২৪টি কোম্পানি থাকবে।

সরকারের লক্ষ্য হলো সর্বোচ্চ কর প্রদানকারী করদাতাদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের উৎসাহিত করা এবং অন্য নাগরিকদের নিয়মিত কর প্রদানে উদ্বুদ্ধ করা। প্রতি অর্থবছরে অব্যবহিত পূর্ববর্তী করবর্ষে পরিশোধিত আয়করের পরিমাণের ভিত্তিতে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কর প্রদানকারী ব্যক্তি ও কোম্পানিকে সম্মাননার জন্য নির্বাচন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশেয়ারবাজারের বড় ধসের পর পতন ঠেকালো বস্ত্র-বিমা
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ