১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ পরিশোধ করবে সরকার

নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহার–২০২৬ অনুযায়ী অনূর্ধ্ব ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল সরকার পরিশোধ করবে। তবে এ সুবিধা বাস্তবায়নে ছয়টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে গত ১২ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ থেকে এবং পরে ১৫ এপ্রিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরকারি আদেশ জারি করা হয়েছে। এর অনুলিপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জেনারেলসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. মামুনুর রশিদ স্বাক্ষরিত সরকারি আদেশে বলা হয়েছে—

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার–২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অনূর্ধ্ব ১০ হাজার টাকা কৃষি ঋণের সুদ ও আসল সরকার কর্তৃক পরিশোধের জন্য অর্থ বিভাগ থেকে এক হাজার পাঁচশত সাতষট্টি কোটি ছিয়ানব্বই লাখ তেত্রিশ হাজার চারশত আশি টাকা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের অনুকূলে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়েছে।

শর্তাবলি
ক. সুদ আরোপের পরবর্তী সময়ের অনারোপিত সুদ ব্যাংকসমূহ নিজ নিজ পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে মওকুফ করবে।

খ. যে পরিমাণ অর্থ Suspense হিসাবে (১৩৭,৫৮,৩৯,৮২৫.৬৮ টাকা) স্থানান্তরিত হয়েছে, উক্ত অর্থ সংশ্লিষ্ট ব্যাংকসমূহ নিজ দায়িত্বে অবলোপন করে এ দায় নিষ্পত্তি হিসেবে গণ্য করবে। এ সংক্রান্ত কোনো মামলা থাকলে ব্যাংকসমূহ তা প্রত্যাহার করবে।

গ. বাংলাদেশ ব্যাংক উক্ত সব তথ্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পর্যায়ক্রমে নিরীক্ষা (অডিট) সম্পন্ন করবে। নিরীক্ষিত চূড়ান্ত হিসাব পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংক সরকারের কাছে পাঠাবে। এর ভিত্তিতে নিরীক্ষিত অংশের দায় সরকার সংশ্লিষ্ট ব্যাংকসমূহকে পরিশোধ করবে।

ঘ. উল্লিখিত দায়সমূহ সরকার কর্তৃক গ্রহণের সঙ্গে সঙ্গে কৃষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট কোনো মামলা থাকলে তা ব্যাংক অবিলম্বে প্রত্যাহার করবে এবং কৃষক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন তা নিশ্চিত করবে।

মামলা প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রতি মাসে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করতে হবে।
ঙ. উল্লিখিত দায় সরকার কর্তৃক সংশ্লিষ্ট ব্যাংককে পরিশোধের পর যদি কখনো প্রমাণিত হয় যেকোনো ব্যাংক প্রকৃত দায়ের চেয়ে অধিক অর্থ সরকার থেকে গ্রহণ করেছে, তবে উক্ত ব্যাংক অনতিবিলম্বে অতিরিক্ত গৃহীত অর্থ (প্রয়োজনে সরকার কর্তৃক আরোপিত সুদসহ) ফেরত দিতে বাধ্য থাকবে।

চ. বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি সব আর্থিক বিধি-বিধান ও অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এমতাবস্থায় উল্লিখিত বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয়ের জন্য অর্থ বিভাগ কর্তৃক নির্ধারিত শর্তাবলি অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে এবং তা জরুরিভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধদিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়