নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। অধিবেশনকে সামনে রেখে রাষ্ট্রপতির ভাষণে সরকারের কোন কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরা হবে এনিয়ে মন্ত্রিসভা প্রস্তুতি গ্রহণ করেছে এবং এ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি জানান, সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণসহ বিভিন্ন কর্মসূচি রাষ্ট্রপতির ভাষণে প্রতিফলিত করার বিষয়েও আলোচনা হয়েছে। ইতোমধ্যে যেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে তুলে ধরার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা বৈঠক করবেন। সেখানে অর্থমন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে ডাকা হবে।


