জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে বিভিন্ন দেশের সমর্থন

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী বৈঠকের সাইডলাইনে জেদ্দায় ব্যস্ত কূটনৈতিক তৎপরতায় সময় পার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানসহ একাধিক দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থিতায় সমর্থন চান। পাশাপাশি ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের দৃঢ় ও ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেদ্দায় বিভিন্ন দেশের প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে এসব দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ এলখরেইজি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন ওহানেস ভার্তান আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও নির্বাহী বৈঠকের চেয়ারম্যান সেরিং মদু এনজির সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অংশগ্রহণকারী নেতারা বাংলাদেশে নির্বাচনে বিএনপির বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করবে।

নেতারা ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের ধারাবাহিক অবস্থানের প্রশংসা করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৈঠকে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার পূর্ববর্তী সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে শিগগির বাংলাদেশ সফরের প্রত্যাশা করছেন। নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে তুরস্কের সহায়তার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে একসঙ্গে কাজ করার বিষয়ে দুই দেশ একমত হয়। পাশাপাশি রমজানের পর বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে আমন্ত্রণ জানানো হয়।

সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ এলখরেইজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। তিনি পররাষ্ট্রমন্ত্রীকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচি বাংলাদেশের জন্য বিভিন্ন খাতে নতুন সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে। জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং এসব সম্ভাবনা বাস্তবায়নে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই দেশ একমত হয়। এছাড়া ওআইসি সচিবালয়ের কার্যকারিতা বাড়াতে সংস্কার উদ্যোগে বাংলাদেশের সমর্থন কামনা করে সৌদি আরব।

পূর্ববর্তী নিবন্ধপুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ ৩
পরবর্তী নিবন্ধমিরপুরে মেট্রোরেলের পাশের ভবনে আগুন