দেলোয়ার হোসেন,মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে ঠান্ডা নিবারণের জন্য নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষ ফুটপাতের
পুরোনো কাপড়ের দোকানে উপচেপড়া ভিড় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। উপজেলায় তীব্র
শীতের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর সূর্যের
অনুপস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন উপজেলার দরিদ্র, অসহায় ও ছিন্নমূল
মানুষ। শীতবস্ত্রের অভাবে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।

এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া রিকশাচালক, দিনমজুর ও
ছিন্নমূল মানুষ। শহরের প্রধান প্রধান সড়কের পাশে গড়ে ওঠা ফুটপাতের পুরোনো কাপড়ের
দোকানগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। দোকানগুলোতে সব বয়সের নারী-পুরুষ ও শিশুরা
শীতের কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন। চাহিদা মতো কিনছেন শীতের পোশাক।
মুকসুদপুর পৌর শহরের মা,বাবা দোয়া সুপার মার্কেট, এ রাজ্জাক মার্কেট, ফরিদ মিয়া
পমপ্লেক্স মার্কেট, বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিভিন্ন গ্রামাঞ্চল থেকে
আসা নারী-পুরুষ ও শিশুরা বাটিকামারী স্কুল এন্ড কলেজ মাঠে ফুটপাতে সহ বসা সস্তা কাপড়ের
দোকানগুলোতে ভিড় করছেন।দোকানিরা জানান, এ শীতে তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্য
পর্যন্ত কাপড় বিক্রি করছেন। ফুটপাতে কম দামে ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের
মানুষের জন্য নানা ধরনের গরম কাপড় নিয়ে বসেছেন তারা।
মুকসুদপুর প্রেসক্লাব মোড় পৌর শহরের সড়কের দুই পাশে বসেছে নতুন ও পুরোনো কাপড়ের
হাট শীতের তীব্রতা থেকে রেহাই পেতে নারী-পুরুষ ও শিশুসহ সবাই শীতের কাপড় কিনছেন।
এসব ক্রেতার বেশির ভাগই নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষ। তারা দেখে-শুনে কম দামের
নতুন ও পুরোনো পোশাক কিনছেন।ফুটপাতের দোকান থেকে কাপড় কিনতে আসা নাইম
মোল্যা,মাতেমা আক্তার বলেন,“ঠান্ডা নিবারণের জন্য গরম কাপড় দরকার। মার্কেটে নতুন কাপড়ের
দাম গত বছরের তুলনায় অনেক বেশি। ফুটপাতে নতুন ও পুরোনো কাপড়ের দাম তুলনামূলক কম,
মানও ভালো। তাই এখানে এসেছি। আমি একটি চাদর ও সুয়েটার কিনেছি।”
ফুটপাতের দোকানদার মোবারক শেখ বলেন, “এসব কাপড় আমরা বিভিন্ন জায়গা থেকে
সংগ্রহ করে হাট-বাজারে ভ্রাম্যমাণ দোকান করে বিক্রি করি। দাম কম হওয়ায় বেশি বিক্রি হচ্ছে।
ঠান্ডা যত বাড়বে, চাহিদাও ততই বাড়বে।” দোকানদার মামুন বলেন, “আমরা ‘গাইট’
হিসেবে কাপড় নিয়ে আসি। এখানে এনে মানভেদে বাছাই করে বিভিন্ন দামে বিক্রি করি। কম
দামে ভালো মানের গরম কাপড় পেলে ক্রেতারা ভিড় করেন। তবে অন্যান্য বছরের চেয়ে এবার দাম একটু
বেশি হওয়ায় ব্যবসা নিয়ে চিন্তায় আছি।”
অতিরিক্ত ঠান্ডা নিবারণের জন্য ক্রেতারা ফুটপাতের দোকান থেকে কম দামে পোশাক কিনছেন।
এতে যেমন নিম্ন আয়ের মানুষের সুবিধা হয়েছে, তেমনি এসব অস্থায়ী দোকান
ব্যবসায়ীদেরও আয়ের পথ তৈরি করেছে।”


