নির্বাচনের পরিবেশ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের পরিবেশ বেশ আশাব্যাঞ্জক মনে হচ্ছে। কারণ যারা কিছুদিন আগেও বলতেন এটা না হলে নির্বাচন হতে দেব না, সে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে। তারা ইতোমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছে ও নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছে। সেই দলগুলো এখন নির্বাচন প্রক্রিয়াতে নেমে পড়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গুটিকয়েক মহল এখনো এর বিরুদ্ধে কাজ করার চেষ্টা করছে ও তারা কিছু আন্দোলন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে আমি মনে করি না যে, তারা তাদের সেই লক্ষ্য অর্জনে সফল হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি, সবাই নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে। কিছু মহল এখনো বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করলেও সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

অন্তর্বর্তীকালীন সরকারর প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আসার পর থেকে গত এক বছরে দেশে ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে। যেটা হচ্ছে মব ভায়োলেন্স। মবোক্রেসি যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে সচেতনভাবে সবাইকে বেরিয়ে আসতে হবে ও এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেটা সম্ভব একমাত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি ও সুষ্ঠ নির্বাচন করতে পারি তাহলে।

পরে আবার অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে তিনি বলেন, বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার হলেও এটি এখন কার্যত একটি কেয়ারটেকার সরকার থেকে পূর্ণাঙ্গ সরকারের রূপ নিয়েছে। এ সরকারের পেছনে জনগণের সরাসরি ম্যান্ডেট নেই, এমন কথা কেউ কেউ বললেও, তাদের যে সংস্কারমূলক উদ্যোগ ও সনদ বাস্তবায়নের কাজ তারা করেছে, সেজন্য অবশ্যই তাদের কৃতিত্ব দিতে হবে।

দুয়েক দিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন জানিয়ে তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই পদটি শূন্য রয়েছে। তার শুন্যতা পূরণে তারেক রহমানকেই এই পদে বসানো হবে।

নির্বাচনের প্রচারণা শুরু প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবারের মতো সিলেট থেকেই এবারও নির্বাচনি প্রচারণা শুরু করবে বিএনপি।

পূর্ববর্তী নিবন্ধগুলশানে ভবঘুরে নারীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ৫
পরবর্তী নিবন্ধএলপিজির সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ