নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৫) ও ছেলে আফরান (৪)। শিপলুর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়।

পুলিশ জানায়, নিহতরা বউবাজারে পলাশ মিয়ার সাততলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

নিহতের বড় ভাই অলিউল্লাহ লাভলুর বরাত দিয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেওয়া ছিল। শিপলুকে অন্য কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনজনের মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, হাবিবুল্লাহ শিপলু একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সমিতির মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। পরে গ্রাহকরা মালিক ও তার বিরুদ্ধে মামলা করেন। সেই থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েন হাবিবুল্লাহ।

ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত থেকেই স্ত্রী-সন্তানকে হত্যা করে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধদুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধচীনা অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত এগোচ্ছে, আসছে কারিগরি দল