আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে এগোচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। গতকাল রোববার তারা এডেন থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এমন অবস্থায় শহরটিকে রক্ষায় প্রস্তুতি নিচ্ছে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সেনারা।
তারা শহরটির চারপাশে পরিখা খনন এবং বালুর বস্তা দিয়ে দেওয়াল ও দুর্গ তৈরি করছে। তবে হুথিরা সামনে আরও অগ্রসর হলে এটি কতটা কার্যকর হবে তা নিশ্চিত নয়।
বার্তাসংস্থা এএফপিকে সেনাবাহিনীর চারটি সূত্র এবং সরকারের দুটি সূত্র বলেন, হুথিরা লাহজ প্রদেশের দুটি জেলা দখল করেছে এবং তারা এডেনের দিকে এগোচ্ছে।তারা বলেছেন, হুথি যোদ্ধারা বর্তমানে আল-মাদারিবার আল-খারাজ ক্যাম্পের কাছে আছেন।
যা এডেন থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।বিজ্ঞাপনইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে রাজধানী সানা। এমন অবস্থায় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে তাদের অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকেই এই সরকার সব ধরনের প্রশাসনিক কাজকর্ম চালায়।


