হ্যারি টেক্টরের ঝোড়ো সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : একটা প্রান্ত ধরে দারুণ লড়াই করলেন হ্যারি টেক্টর। বাংলাদেশি বোলাররা ভালো বোলিং করেও সেই ধারাটা ধরে রাখতে পারলেন না টেক্টরের দাপুটে ব্যাটিংয়ে। ৯৩ বলেই ঝোড়ো এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এই আইরিশ।

ফলে আয়ারল্যান্ডও আছে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ৫ উইকেটে ১৯৬ রান। টেক্টর ১০০ আর জর্জ ডকরেল ১৭ রানে অপরাজিত আছেন।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ। দুই দলের জন্য বরাদ্দ ৪৫ ওভার করে। চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

শুরুতেই আইরিশরা পড়ে বড় চাপে। হাসান মাহমুদ আর এবাদত হোসেনকে সামলে প্রথম ৬ ওভারে মাত্র ১৬ রান তুলতে পারে আয়ারল্যান্ড।

হাসান মাহমুদ করেন জোড়া শিকার। ১৬ রানেই ২ উইকেট হারায় আইরিশরা। হাসান ইনিংসের প্রথম ওভারে পল স্টারলিংকে (০) বানান উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ। প্রথমে অবশ্য আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে জিতে বাংলাদেশ। দেখা যায় বল স্টারলিংয়ের ব্যাট হালকা ছুঁয়ে গেছে মুশফিকের গ্লাভসে।

এরপর আইরিশরা খোলসে ঢুকে পড়েছিল। কিন্তু সপ্তম ওভারে আবারও আঘাত হানেন হাসান। এবার ড্রাইভ খেলতে গিয়ে আউটসাইডেজ হয়ে মেহেদি হাসান মিরাজের হাতে ধরা পড়েন স্টিভেন দোহানি (১২)।

১৬ রানে ২ উইকেট হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় আইরিশরা। ৯৮ রানের জুটি গড়েন হ্যারি টেক্টর আর অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। টেক্টর ফিফটি তুলে নেন, বালবির্নিও ছিলেন হাফসেঞ্চুরির দোরগোড়ায়।

অবশেষে প্রতিরোধগড়া এই জুটিটি ভাঙেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারকে ড্রাইভ খেলতে গিয়ে এজ হয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী হন বালবির্নি (৪২)।

এক ওভার পর এসে শরিফুল ফেরান ঝড় তুলতে চাওয়া লরকান টাকারকে। মারমুখী খেলতে গিয়ে মিসটাইমিং হয়ে ডিপ স্কয়ার লেগে লিটন দাসকে ক্যাচ দেন আইরিশ এই ব্যাটার (১১ বলে ১৬)।

এরপর তাইজুল ইসলামে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের শিকার হন কুর্তিস ক্যাম্ফার (৮)। কিন্তু টেক্টরকে আটকানো যায়নি। মারকুটে ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।

 

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় ‘মোখা’: ৫ বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধবিচার বিভাগের ওপর চরম ক্ষুব্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী