জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে বিয়ের দাবিতে অনশনে থাকা তরুণী অভিযুক্ত পুলিশ সদস্য রানা মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরের দিকে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি করেন।
পুলিশ সদস্য মো. রানা মিয়া উপজেলার খালিজুরী গ্রামের মো. মজনু মিয়ার ছেলে। তিনি বর্তমানে নরসিংদীর পলাশ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান।
ওই তরুণীর ভাষ্যমতে, গত তিন বছর ধরে রানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক। রানা তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও করেছেন। সম্প্রতি রানা মিয়া বিয়ে করবেন বলে ছুটি নিয়ে বাড়িতে আসেন। তবে, রানা তার চাচাতো বোনকে বিয়ে করবেন জানতে পারেন ওই তরুণী। শনিবার (২৮ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে নিজের বাড়ি ছেড়ে রানার বাড়িতে এসে অবস্থান নেন। এরপর থেকে রানা পলাতক।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, আদালতে জবানবন্দি ও ফরেনসিক পরীক্ষার পর ভিকটিমকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি কোনো কর্মচারীকে গ্রেফতার করতে হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতির প্রয়োজন হয়। অনুমতি পেলেই তাকে গ্রেফতার করা হবে।


