সোনার দাম আরও কমলো

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৪ হাজার ৪৭৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২৯ আগস্ট ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৭ হাজার ১১৫ টাকা। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১০ হাজার ৯৬৪ টাকা। এখন দাম কমানোর ফলে দু-দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমলো ১১ হাজার ৪৮৯ টাকা।

পূর্ববর্তী নিবন্ধশিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
পরবর্তী নিবন্ধবিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোর