৮ মাসে এডিপি বাস্তবায়ন ৩০%

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক সংকটে অর্থনৈতিক অস্থিরতা সামাল দিতে সরকারের ব্যয় সাশ্রয়ী নীতির প্রভাব পড়েছে প্রকল্পের অগ্রগতিতে। যে কারণে চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বা আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৩০ দশমিক ৩১ শতাংশ। টাকার অঙ্কে যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।

বুধবার (১ এপ্রিল) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৬৩ হাজার ৩২৭ কোটি টাকা ব্যয় হয়েছে, যা মূল এডিপির ৩০ দশমিক ৩১ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের আলোচ্য সময়ে ২৯ দশমিক ৮৭ শতাংশ বা ৬৭ হাজার ৫৫৩ কোটি, ২০২৩-২৪ অর্থবছরে ৩৩ দশমিক ৬৫ শতাংশ বা ৮৫ হাজার ৬০২ কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছিল।

এছাড়া ২০২২-২৩ অর্থবছরের আলোচ্য সময়ে এডিপি বাস্তবায়ন হার ৩৪ দশমিক ৭৪ শতাংশ, যা টাকার অঙ্কে ৮২ হাজার ১৬৯ কোটি টাকা খরচ হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে ৩৮ দশমিক ৬০ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল, টাকার হিসাবে যা ছিল ৮৪ হজার ৭৬৫ কোটি টাকা। ফলে গত পাঁচ বছরের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরেন প্রথম ৮ মাসে সব থেকে কম টাকা খরচ হয়েছে।

গত আট মাসে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ ১০ শতাংশও এডিপি বাস্তবায়ন করতে পারেনি। জননিরাপত্তা বিভাগে এডিপি বাস্তবায়ন হার ৩ দশমিক ৭৯ শতাংশ, বাণিজ্য মন্ত্রণালয়ে ৮ দশমিক ৮৬ শতাংশ, অভ্যান্তরীণ সম্পদ বিভাগে ৭ দশমিক ৫১ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ৯ দশমিক ৬৫ শতাংশ ও সংসদ সচিবালয় বিভাগের বাস্তবায়ন হার শূন্য শতাংশ। চলতি অর্থবছরে ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দ রয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের পিসিআই-ডিএসএস সনদ অর্জন
পরবর্তী নিবন্ধতেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ