নিউজ ডেস্ক
বিদেশে কর্মসংস্থানে নতুন সুযোগ তৈরি করতে উদ্যোগ নিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ লক্ষ্যে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার অন্তত ১৬টি দেশে সমঝোতা স্মারক (এমওইউ) প্রস্তাব পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে সেসব দেশে বাংলাদেশিকর্মী পাঠানোর নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে মন্ত্রণালয়টি।
বর্তমানে বাংলাদেশের শ্রমবাজার মধ্যপ্রাচ্যনির্ভর। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দেশের মোট প্রবাসী কর্মীর ৭০ থেকে ৭৫ শতাংশই কর্মরত মধ্যপ্রাচ্যে, যেখানে উপসাগরীয় ছয়টি দেশেই সিংহভাগ কর্মসংস্থান। এর মধ্যে সৌদি আরব একাই ৩০ থেকে ৩৫ শতাংশ কর্মীর গন্তব্য। মোট রেমিট্যান্সেরও ৬০ শতাংশের বেশি আসে এই অঞ্চল থেকে, যা শ্রমবাজারের একমুখী নির্ভরতার চিত্র তুলে ধরে।
এ অবস্থায় নতুন বাজার খোঁজার উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। মন্ত্রণালয় বলছে, নতুন দেশ থেকে সাড়া পাওয়া গেলে নির্দিষ্ট অঞ্চলের শ্রমবাজারের ওপর চাপ কমবে।
গত ৪ মার্চ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে থাইল্যান্ড-বাংলাদেশ কর্মী পাঠানো সংক্রান্ত এমওইউ অ্যান্ড অ্যাগ্রিমেন্ট নিয়ে সার্বিক আলোচনা হয়। সভায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমওইউ অ্যান্ড অ্যাগ্রিমেন্টকে বাংলাদেশের শ্রমবাজারের জন্য পজিটিভ হবে বলে মতামত দেন।
সভার একজন সদস্য বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতিবাচক মতামত দেওয়ায় নিয়ম অনুযায়ী খসড়া সমঝোতা স্মারকটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর এটি মন্ত্রিপরিষদ সভায় উঠবে। মন্ত্রিপরিষদ অনুমোদন দিলে দুই দেশ এমওইউ অ্যান্ড অ্যাগ্রিমেন্ট সই করবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান অনুবিভাগের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে বিগত কয়েক মাসে আমরা প্রায় ১৭ দেশে এমওইউ পাঠিয়েছি। বিশেষ করে সার্বিয়া, রোমানিয়া, নর্থ মেসিডোনিয়া, মাল্টা, পর্তুগাল, স্পেন, মরিশাস, লেবানন, থাইল্যান্ড, ওমান, অস্ট্রিয়া, আলবেনিয়া, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।
থাইল্যান্ডের বিষয়ে তিনি বলেন, এমওইউ আইন মন্ত্রণালয়ের ভেটিং নিয়ে এবং প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। এখন থাইল্যান্ড সিদ্ধান্ত নেবে। তারা সই করলে, কর্মী পাঠানোর বিষয়ে অফিসিয়ালি ডিমান্ড চাওয়া হবে। এখন পর্যন্ত তাদের উত্তর পাওয়া যায়নি। আমরা এমওইউ এবং অ্যাগ্রিমেন্ট দুটোই পাঠিয়েছি।


