নিউজ ডেস্ক
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় হরমুজ প্রণালির ওমান অংশ দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখার একটি প্রস্তাব দিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রণালির ওমান অংশ দিয়ে জাহাজগুলো যেন কোনো হামলার ঝুঁকি ছাড়াই চলাচল করতে পারে—এমন ব্যবস্থা বিবেচনা করছে তেহরান। তবে এই সুবিধা কার্যকর হবে কি না, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হওয়ার ওপর।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। চলমান সংঘাতের কারণে এই রুটে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
সংঘাত শুরুর পর থেকে শত শত ট্যাংকার ও জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক উপসাগরীয় এলাকায় আটকে রয়েছে।
যদিও সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষের দিকে বলে ইঙ্গিত দিয়েছেন, তবুও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সূত্রটি জানায়, ইরান প্রণালির ওই অংশে স্থাপিত সম্ভাব্য মাইন সরাবে কি না বা সব ধরনের জাহাজ—এমনকি ইসরাইল-সম্পর্কিত জাহাজও—চলাচল করতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এ ধরনের প্রস্তাব সাম্প্রতিক সময়ের কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দেয়। এর আগে ইরান প্রণালিতে জাহাজ চলাচলের জন্য ফি আরোপ বা নিয়ন্ত্রণ জোরদারের মতো পদক্ষেপের কথা বিবেচনা করেছিল, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করে।


