স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে: মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক : গত শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশে গুমের ঘটনা এবং গুম হওয়া ব্যক্তিদের নিয়ে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, মন্ত্রিসভার দুজন শীর্ষ মন্ত্রীর কাছ থেকে এ ধরনের জলজ্যান্ত মিথ্যা কথা এবং গুম হওয়া ব্যক্তি ও পরিবারের প্রতি উপহাসমূলক বক্তব্য অমার্জনীয়।

এই বক্তব্যের জন্য দুই মন্ত্রীকে গুম হওয়া ব্যক্তিদের পরিবার তথা জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

রোববার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, বিরোধী শক্তিকে দমন করতে অবৈধ ক্ষমতাসীন সরকারের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়নের কথা আজকে বিশ্ব দরবারে প্রমাণিত। গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবার বছরের পর বছর ধরে হারানো স্বজনদের ফিরে পাওয়ার জন্য আর্তনাদ করছে। এই স্বজন হারানো অসহায় পরিবারগুলোকেও দিনের পর দিন হয়রানি করা হচ্ছে। সর্বশেষ জাতিসংঘ সরকারের কাছে গুমের বিষয়ে জানতে চাওয়ার পর এই পরিবারগুলোর প্রতি পুলিশি হয়রানি আরও বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় এটা স্পষ্ট হয়েছে যে, সরকারের নির্দেশেই পুলিশ এই হয়রানি করছে।

মান্না বলেন, গুম হওয়া ব্যক্তিদের ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী যে উপহাস করেছেন, এর বিচার জনতার আদালতে একদিন হবে। এই বক্তব্যের মাধ্যমে বিষয়টি স্পষ্ট যে, গুম হওয়া বা তার ভাষায় ভূমধ্যসাগরে সলিল সমাধি হওয়া ব্যক্তিদের তালিকা তার কাছে আছে। অবিলম্বে সেই তালিকা প্রকাশ করা হোক।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান অনুযায়ী দেশে এরকম কোনো ঘটনাই ঘটেনি। দুই মন্ত্রীর ভিন্ন বক্তব্যের বিষয়টিও স্পষ্ট করতে হবে। অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত রাখতে ভয়ের রাজত্ব প্রতিষ্ঠা করতেই সরকার গুম, খুন, ক্রসফায়ার নাটক করে আসছে। দেশের জনগণের সঙ্গে সঙ্গে এখন আন্তর্জাতিক মহলও এই সরকারের অপকর্মের প্রতি ধিক্কার জানাচ্ছে। ফ্যাসিবাদী সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকারের মন্ত্রীরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এসব অবিবেচনা প্রসূত, ঘৃণ্য বক্তব্য দিচ্ছে।

 

পূর্ববর্তী নিবন্ধফেরি বন্ধ, দৌলতদিয়ায় ৩ শতাধিক যানবাহন আটকা
পরবর্তী নিবন্ধবিশ্বজুড়ে কমেছে সংক্রমণ, মৃত্যু সাড়ে ৬ হাজারের নিচে