সোনার দাম আরও কমলো 

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল ২৯ জুন ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এই দাম কমানোর ২৪ ঘণ্টার ব্যবধানে এখন আবার দাম কমানো হলো। এতে দুদিনে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমলো ৬ হাজার ৫৯০ টাকা।

পূর্ববর্তী নিবন্ধকাতারে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধটাইব্রেকারে হেরে বিদায় নেদারল্যান্ডসের, শেষ ষোলোতে মরক্কো