নিজস্ব প্রতিবেদক
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আজ শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন।
মো. শফিকুল ইসলাম বলেন, ‘তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জে একাধিক মামলা থাকার তথ্য পেয়েছি। আর কোনো মামলা আছে কি না, সেটি আমরা খতিয়ে দেখছি।’কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে নূর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন তিনি। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগে নূর মোহাম্মদ, তাঁর স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে।


