সব রেলগেট অটো সিস্টেম করার চেষ্টা করবো: কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (২২ মার্চ) সকাল ১১টায় তিনি কুমিল্লা সদর দক্ষিণের দুর্ঘটনাস্থলে আসেন।

পরিদর্শন শেষে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব এলাকায় রেল ক্রসিং রয়েছে, সেখানে অটোমেটিক গেট নির্মাণের পরিকল্পনা করা হবে। আগামী দিনে যে বৈঠক হবে, সেখানে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশে এসব গেটকে আধুনিক করা হয়েছে। নির্দিষ্ট একটি স্থানে ট্রেন পৌঁছালে অটোমেটিক গেট বন্ধ হয়ে যায়। আজ এ এলাকায় গেটম্যান না থাকার কারণে এত বড় দুর্ঘটনা ঘটেছে। অটো করা থাকলে এমন ঘটনা ঘটতো না।

আমরা দ্রুততম সময়ের মধ্যে হাইওয়ে এলাকার সব রেলগেট অটো সিস্টেম করার জন্য চেষ্টা করবো।

এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার লেভেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাত পুরুষ, দুই নারী ও তিন শিশুর মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘ফাঁকা’ ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দফায় জ্বালানির দাম ২৫% বাড়ালো শ্রীলঙ্কা