রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকটি দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং প্রার্থী চূড়ান্ত করার সর্বময় ক্ষমতা দলীয় প্রধানের হাতে তুলে দেওয়া হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধগ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
পরবর্তী নিবন্ধসাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার