যুক্তরাষ্ট্রে বহিষ্কারের মুখে ৬০ হাজার অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে ৬০ হাজার অভিবাসীর অস্থায়ী সুরক্ষা (টিপিএস) বাতিলে ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়েছেন একটি আপিল আদালত। এসব অভিবাসী মূলত হন্ডুরাস, নিকারাগুয়া ও নেপালের নাগরিক।

বুধবার (২০ আগস্ট) সান ফ্রান্সিসকোভিত্তিক ৯ম মার্কিন সার্কিট কোর্ট অব আপিলস এক জরুরি স্থগিতাদেশ জারি করেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া আগের আদেশ কার্যকর থাকছে না। অভিবাসী অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন বেআইনিভাবে হন্ডুরাস, নিকারাগুয়া ও নেপালের নাগরিকদের জন্য দেওয়া টিপিএস বাতিল করেছে।

এ রায়ের ফলে নেপালের প্রায় সাত হাজার নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে সরানোর সুযোগ তৈরি হলো, যাদের টিপিএস সুরক্ষা ৫ আগস্ট শেষ হয়ে গেছে। হন্ডুরাসের ৫১ হাজার এবং নিকারাগুয়ার তিন হাজার নাগরিকের সুরক্ষা ৮ সেপ্টেম্বর শেষ হবে। এরপর তারাও বহিষ্কারের আওতায় পড়বেন।

আদালতের বিচারকরা লিখেছেন, ২০২৫ সালের ৩১ জুলাই জেলা আদালত যে আদেশ দিয়ে অভিবাসীদের পক্ষে সুরক্ষা বাড়িয়েছিলেন, সেটি আপাতত স্থগিত থাকলো।

এর আগে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালত টিপিএস বাতিলের সিদ্ধান্ত নভেম্বর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন। বিচারক তখন বলেন, হঠাৎ সুরক্ষা প্রত্যাহার করলে অভিবাসীরা ‘অপূরণীয় ক্ষতির’ শিকার হবেন। এতে শ্রমশক্তি ও সামাজিক অবদানের দিক থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং সমাজও ক্ষতিগ্রস্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩
পরবর্তী নিবন্ধগাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, একদিনেই নিহত ৮১ ফিলিস্তিনি