মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের ঝাকোর গ্রামে সুদের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লিয়াকত মোল্লা লিকু (৪৭) নামে একজন গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত লিয়াকত মোল্লা উপজেলার ঝাকোর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে সুদের টাকা সংক্রান্ত বিষয় নিয়ে লিয়াকত মোল্লার সঙ্গে একই গ্রামের আকতার মোল্লা (২৫), হানিফ মোল্লা (২৮) এবং সোয়াইব মোল্লা (৩০)-র সঙ্গে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে।
একপর্যায়ে আকতার মোল্লা তার হাতে থাকা ফুলকচি (কোচ) দিয়ে লিয়াকতের পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত হয়ে পড়েন।
পরবর্তীতে স্বজনেরা তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


