মুকসুদপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আরেফিন মুক্তা, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তি হলেন মাসুদ শেখ (৩৫)। তিনি মোরেলগঞ্জ উপজেলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলরত একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এতে পিকআপের হেলপার মাসুদ শেখ গুরুতর আহত হন।


দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালান। পরে গুরুতর আহত অবস্থায় মাসুদকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে। পরে মহাসড়ক থেকে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।


পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
পরবর্তী নিবন্ধশর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা