আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার অজুহাতে ভারতে গত ১০ দিনের মধ্যে তৃতীয়বারের মতো পেট্রল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে, দেশটিতে সিএনজির (কম্প্রেসড ন্যাচারাল গ্যাস) দামও কেজিপ্রতি এক রুপি বাড়ানো হয়েছে। এতে মধ্যবিত্ত ও সাধারণ চাকরিজীবীদের যাতায়াত খরচ আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর ঠিক উল্টো চিত্র দেখা গেছে প্রতিবেশী দেশ পাকিস্তানে। টানা দ্বিতীয় সপ্তাহের মতো সেখানে কমানো হয়েছে জ্বালানি তেলের দাম। শুক্রবার পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগ এক বিজ্ঞপ্তিতে প্রতি লিটার পেট্রলে ছয় রুপি এবং হাই-স্পিড ডিজেলে (এইচএসডি) ৬ দশমিক ৮০ রুপি কমানোর ঘোষণা দিয়েছে, যা আজ শনিবার (২৩ মে) থেকে কার্যকর হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে ভারতের প্রধান শহরগুলোতে শনিবার সকাল থেকে নতুন মূল্যে পেট্রল ও ডিজেল বিক্রি হচ্ছে। দেশটির সাধারণ মানুষ এই দফায় দফায় মূল্যবৃদ্ধিকে মধ্যবিত্তের ওপর সরকারের ‘চরম আঘাত’ হিসেবে দেখছেন।
দিল্লির এক বাসিন্দা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সবকিছুর দাম বাড়ছে, কিন্তু আমাদের বেতন বাড়ছে না। প্রতিদিন যদি ২০০ রুপির পেট্রল লাগে, তবে মাসে শুধু যাতায়াত খরচই দাঁড়ায় ছয় হাজার রুপি। ১৫-১৬ হাজার রুপি বেতন পেয়ে কীভাবে পরিবার চালাব?’ আরেক গাড়িচালক ক্ষোভ প্রকাশ করে সরকারকে ‘অপদার্থ’ আখ্যা দিয়ে বলেন, ‘সাধারণ মানুষ আজ ভিক্ষুকে পরিণত হয়েছে।’
এদিকে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (আইজিএল) সিএনজির দাম প্রতি কেজিতে এক রুপি বাড়ানোয় ট্যাক্সিচালকেরা বিপাকে পড়েছেন। দিল্লির এক ট্যাক্সিচালক বলেন, ‘সরকার গ্যাসের দাম বাড়ালেও আমাদের ভাড়ার হার বাড়ায়নি। যাত্রীদের কাছ থেকে ১০-২০ রুপি বেশি চাইলে তারা ঝগড়া করে।’
টানা দ্বিতীয় সপ্তাহে দাম কমল পাকিস্তানে
ভারত যখন মূল্যবৃদ্ধির চাপে জর্জরিত, তখন পাকিস্তানে গত দুই সপ্তাহে দ্বিতীয়বারের মতো কমলো তেলের দাম। নতুন সিদ্ধান্তের পর পাকিস্তানে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৪০৩ দশমিক ৭৮ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৪০২ দশমিক ৭৮ রুপি। এর আগের সপ্তাহেও দেশটিতে পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে পাঁচ রুপি করে কমানো হয়েছিল।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাতের জেরে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়। তখন গত ৬ মার্চ পাকিস্তান সরকার এক ধাক্কায় তেলের দাম লিটারে ৫৫ রুপি বাড়িয়েছিল। এরপর এপ্রিলেও পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৪৩ ও ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।
তবে আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা থিতু হতেই পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেট্রোলিয়াম লেভি এক ধাক্কায় প্রতি লিটারে ৮০ রুপি কমিয়ে দেন। এরপর ১০ এপ্রিলের বড় ছাড়ের পর এই মে মাসে এসেও টানা দুই সপ্তাহ তেলের দাম কমাল পাকিস্তান সরকার।
পাকিস্তানে পেট্রল মূলত ব্যক্তিগত গাড়ি ও রিকশায় ব্যবহৃত হয়। ফলে এর দাম কমায় মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের বাজেট কিছুটা হলেও স্বস্তি পাবে।


