ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তা সংবর্ধিত

ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার বিভিন্ন কৌশল, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং গ্রাহকদের কাছে ব্যাংক ও বীমা সেবার সমন্বিত সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে তিন দিনব্যাপী ‘ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স-২০২৫’ সম্প্রতি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ-এ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও উত্তম কুমার সাধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী এবং পূবালী ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মিল্টন বেপারী এবং পূবালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক ও চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মোঃ ফয়জুল হক শরীফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি নতুন পণ্য হিসেবে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও বিস্তৃত আর্থিক সেবা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে। তিনি ব্যাংকারদের ব্যাংকাস্যুরেন্সের কার্যক্রম আরও সম্প্রসারণে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ব্যাংকিং ও বীমা খাতের পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব।

সম্মেলনে ২০২৫ সালে ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ পূবালী ব্যাংক পিএলসি’র ৯ জন কর্মকর্তাকে ‘বর্ষ সেরা’ পদক এবং ৩৩ জন কর্মকর্তাকে সম্মাননা সনদ প্রদান করা হয়। এ সময় সফল কর্মকর্তাদের কাজের স্বীকৃতি প্রদান, ব্যাংকাস্যুরেন্স ব্যবসার অগ্রগতি ও অর্জন পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনের বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সফল কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ব্যাংক ও বীমা খাতের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং গ্রাহকদের কাছে জীবনবীমা সেবা আরও সহজে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি করবে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
পরবর্তী নিবন্ধ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি