বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের ঢল নেমেছে। জাতীয় মসজিদের জামাতে অংশ নিতে এদিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন মুসল্লিরা। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

শনিবার (২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বায়তুল মোকাররমে সকাল ৭টায় শুরু হয় প্রথম জামাত। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। সকাল ৭টা ২৬ মিনিটে মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম জামাত।

প্রথম জামাত শেষ হওয়ার আগেই বিপুল সংখ্যক মুসল্লি দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করছিলেন। প্রথম জামাত শেষ হতেই তারা মসজিদে প্রবেশ করেন।

প্রথম জামাত শেষে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়া ছাড়াও দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করে মোনাজাত করেন মিজানুর রহমান।

মোনাজাতে রমজান মাসের রোজা ও অন্যান্য এবাদত যাতে আল্লাহ কবুলের জন্য আল্লাহর কাছে আর্তি জানানো হয়। মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করা হয়। মুসল্লির অনেকেই চোখের জলে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে দেখা গেছে।

মোনাজাতে পৃথিবীর বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের হেফাজতের জন্য দোয়া করা হয়।

সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় দ্বিতীয় জামাতের বয়ান। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধএবার ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান