‘পাশা’র পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করলো ইসি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টকে (পাশা) ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদর বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানান।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ইসি সচিবও উপস্থিত ছিলেন।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘পাশা’ নামে একটি এনজিও ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করবে বলে বলেছিল। নির্বাচন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নিয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইসি নিশ্চিত হতে পারেনি। তাদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে।

আজাদ মজুমদার আরও জানান, এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধএনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি