জেলা প্রতিনিধি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত করে, আমরা কথা রাখবো। প্রথমত আমরা জাতিকে আর বিভক্ত হতে দেবো না। পুরোনা কাসুন্দি নিয়ে কামড়া কামড়ি করবো না। আমরা পেছনের দিকে দৌঁড়াবো না। আমরা যুবকদের স্বপ্নের অগ্রগামি বাংলাদেশ দেখতে চাই।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, যে রাজনীতি দেশকে চাঁদাবাজিতে অস্থির করে তুলেছে। আমার মা-বোনকে বেইজ্জত করেছে। জনগণ সে রাজনীতির পরিবর্তন চায়। পরিবর্তনের জন্য প্রথমেই হ্যাঁ ভোটে সিল মারতে হবে। প্রত্যেকটি মানুষকে হ্যাঁ ভোটের পক্ষে নিতে হবে। তারপরে ১১ দলের প্রার্থীদের মার্কায় ভোট দিতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা বলেছি, আমরা দুর্নীতির ব্যাপারে আপসহীন, আমরা মামলা বাণিজ্য করবো না। আমরা সে কথা রেখেছি। এবার কথা দিচ্ছি জনগণ যদি ভোট দেয় আমরা কথা রাখবো। আমরা পেছনের দিকে দৌড়াবো না। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই।
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তোমাদের বেকার ভাতা তুলে দেবো না। বেকার ভাতা দিয়ে তোমাদের অপমানিত করবো না। আমরা সবার হাতে কাজ তুলে দেবো। বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দেবো। তোমাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে আমরা পেছন থেকে তোমাদেরকে শক্তি জোগাতে চাই। তোমরা যেভাবে স্বৈরাচার তাড়ানোর জন্য ঝাঁপিয়ে পরেছিলে, সেইভাবে দেশ গঠনের জন্য এগিয়ে আসতে হবে। ১১ দলীয় ঐক্যের ৬২ শতাংশ প্রার্থী হচ্ছে যুবক।
মেয়েদের অবদানকে স্বীকৃতি দিয়ে তিনি বলেন, এ আন্দোলনে মেয়েরাও সমানতালে লড়েছে। ১৫ জুলাই ঢাবিতে মেয়েদের গায়ে হাত দেওয়া জাতি মেনে নেয়নি।
বিভিন্ন জায়গায় মা-বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, প্রয়োজনে জীবন দেবো, তবু মায়েদের সম্মানহানি হতে দেবো না। একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে গায়ে হাত। মর্নিং শোজ দ্যা ডে, আপনাদের আচরণে জাতি বুঝতে পারছে, আপনারা কী করবেন? যে নিজের মাকে সম্মান করতে জানে না, সে অন্যের মাকেও সম্মান করতে জানে না। অনেকে সমাজে-রাষ্ট্রে অবদান রাখেন। কিন্তু ঐ অর্থে মর্যাদা পান না। আমরা কার কি ধর্ম এটাও দেখবো না, সবার সমান মর্যাদা নিশ্চিত করা হবে।
যে মায়েরা শহীদ ওসমান হাদি, আবু সাঈদের মতো সন্তানের জন্ম দেয়, তারা কাউকে থোড়াই কেয়ার করে না। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে, সেক্ষেত্রে সরকারকে বলুন। রিটার্নিং কর্মকর্তাকে বলুন। প্রশাসন ব্যবস্থা নেবে। আপনারা কে? শেরপুরে রেজাউল করিমকে শহীদ করেছে। আপনারা ভয় দেখান? আমরা জীবন দেবো কিন্তু হার মানবো না।
শহীদ ডা. ফয়েজের স্মৃতিচারণ করে তিনি বলেন, এই লক্ষ্মীপুরে গরীবের ডাক্তার শহীদ ফয়েজ আহমেদকে নির্যাতন করে বাসার ছাদ থেকে জীবন্ত মানুষকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। এই লক্ষ্মীপুরে বড় বড় আলেম, জাতীয় নেতার জন্ম হয়েছে। জামায়াত, তাবলীগ, কওমি, আলিয়া সবাই মিলে আমরা বাংলাদেশ। কারো চোখ রাঙানি মানবো না। বিদেশে আমাদের বন্ধু থাকবে, প্রভু থাকবে না। কওমি মাদরাসা আমাদের কলিজা। আলিয়ার শিক্ষাকে সংকুচিত করে ফেলা হয়েছে। তারা আমাদের মাঝে বিরোধ লাগাতে চায়।
এখানে এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র ছিল, তা ধ্বংস করা হয়েছে। মেঘনা নদীর বাঁধ হয় না, মানুষের পেটে ঢুকে যায়। বিদেশে যে টাকা পাচার করা হয়েছে, সে টাকা তাদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনা হবে তারপর সেই টাকা দিয়ে দেশের উন্নয়ন হবে। কোনো এলাকা সবচেয়ে বেশি অবহেলিত, সেটাকে সবার আগে গুরুত্ব দেওয়া হবে।


